আমজনতা পুলিশ মন্ত্রী সবাই উল্টোপথে

রাস্তা একটু ফাঁকা পেলে মোটরসাইকেলের চালকেরা উল্টো পথে দিচ্ছেন ছুট। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনও উল্টো পথে চলছে ইচ্ছেমতো। পুলিশ এবং মন্ত্রী-আমলার গাড়িবহরও চলছে উল্টো পথে। উল্টো পথে চালিত কাভার্ড ভ্যান থামাতে গিয়ে গত দুদিন আগেও পুলিশের এক কনস্টেবল প্রাণ হারিয়েছেন। কিন্তু উল্টো পথে চলা থামছে না, থামানো হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর অন্তত ছয়টি বড় ট্রাফিক মোড় ঘুরে দেখা গেছে, একটি রাস্তায় সামান্য যানজট তৈরি হলেই গাড়িগুলো উল্টো পথে চলা শুরু করে। আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে মেট্রোরেলের কাজের জন্য রাস্তার এক পাশ খোঁড়াখুঁড়ি চলছে। ফলে এই রাস্তায় অন্যান্য সময়ের চেয়ে গাড়ির জট বেশি লাগে। এ সময় দ্রুত যাওয়ার জন্য অনেক গাড়ি উল্টো পথে যাতায়াত করছে। পুলিশের একজন ট্রাফিক সার্জেন্টকেও উল্টো পথে চলতে দেখা গেছে। যদিও তখন পাশের সড়কটি চালু ছিল।
রাজধানীর রূপসী বাংলা হোটেলের বিপরীতে মিন্টো রোড। এই পথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়মিত যাতায়াত করেন। গতকাল বিকেলে এই পথে মহানগর পুলিশের গুলশান বিভাগের একটি গাড়িকে উল্টো পথে চলতে দেখা গেছে। এর একটু পর একজন মন্ত্রীকেও তাঁর গাড়িবহর নিয়ে উল্টো পথে যেতে দেখা গেছে।
মিন্টো রোডে কথা হয় মোটরসাইকেল চালক মো. ফয়েজের সঙ্গে। তিনি বলেন, মোটরসাইকেল ছোট বাহন হওয়ায় সুযোগ পেলেই লোকজন উল্টো পথে চালায়। উল্টো পথে বিপদ হতে পারে, এটা অনেকে মাথায় রাখে না। ব্যক্তিগতভাবে তিনি উল্টো পথে গাড়ি না চালাতে চেষ্টা করেন।
এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসও প্রায়ই ‘সময় বাঁচানোর’ কথা বলে উল্টো পথে যাতায়াত করছে।
গত মঙ্গলবার দুপুরে উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশের কনস্টেবল সাদ্দাম হোসেন নিহত হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দীন আহমেদ বলেন, উল্টো পথে গাড়ি না চালানোর জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। লিফলেট বিতরণ, পোস্টার-ব্যানার লাগানো এবং সচেতনতা সৃষ্টির জন্য নাটিকাও দেখানো হচ্ছে। এ ছাড়া ট্রাফিকের জনবল বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।

মোটরসাইকেল চালকদের হেলমেট না পরার বিষয়ে এই কর্মকর্তা বলেন, মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে পুলিশ কোনো রকম ছাড় দেয় না। আগের তুলনায় হেলমেট পরিধানকারীর সংখ্যা বেড়েছে। রাস্তায় পুরোপুরি শৃঙ্খলা আনতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।
পুলিশের রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, বিকেল থেকে সন্ধ্যা অনেক ব্যস্ত সময়। তখন মূল সড়ক সচল রাখা সবচেয়ে বড় বিষয়। মোটরসাইকেল চালকদের ধরতে গেলে রাস্তা সামলানো যাবে না। আর মন্ত্রী, ভিভিআইপিরা উল্টো পথে গেলে তাঁরা কিছু করতে পারেন না।