আমতলী ও ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) এবং বরগুনার আমতলী উপজেলায় পিয়ারা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতকাল রোববার ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। দুপুরের দিকে ভাঙ্গার হামিরদী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী অজ্ঞাত ওই যুবক নিহত ও আটজন আহত হন। গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, বরগুনার আমতলী উপজেলার আমতলী-কলাপাড়া সড়কের আকনবাড়ী এলাকায় গত শনিবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কলাপাড়াগামী ঈগল পরিবহনের একটি বাস পিয়ারাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পিয়ারা উপজেলার উত্তর টিয়া গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাসটি আটক করা হয়েছে।