আমতলী-তালতলী মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বরগুনার আমতলী-তালতলী সড়কে বাস মালিক সমিতির আহ্বানে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী বাসস্ট্যান্ড নিয়ে বাস মালিক সমিতির সঙ্গে তালতলীর কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য গতকাল সকালে তালতলী থানায় বাস মালিক সমিতি, কাঠ ব্যবসায়ী এবং উপজেলা প্রশাসন বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত হয়, কাঠ বাজারের মধ্যে কেবল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমাণ একটি বাস থাকবে এবং বাকি বাসগুলো সড়কের ঢালে অবস্থান করবে। কিন্তু বাস মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত না মেনে সভাস্থল ত্যাগ করেন। এ সময় কাঠ ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতি তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে।
স্থানীয় সূত্র জানায়, তালতলী বন্দরের কাঠ ব্যবসায়ীরা আমতলী-তালতলী সড়কের পাশে দীর্ঘদিন ধরে কাঠ বিক্রি করে আসছেন। একই স্থানে আমতলী-তালতলী, তালতলী-বরিশাল ও ঢাকার পথে চলাচলকারী বাসগুলো অঘোষিত স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করায়। এ নিয়ে কাঠ ব্যবসায়ীদের সঙ্গে বাসমালিকদের বিরোধের সৃষ্টি হয়। কাঠ ব্যবসায়ীরা জানান, বাস মালিক সমিতির লোকজন বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে কাঠপট্টি সড়কের বাসস্ট্যান্ড সরিয়ে নিতে অপারগতা জানান। তখন কাঠ ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
এদিকে পরিবহন ধর্মঘট থাকায় গতকাল তালতলী সোনাকাটা ইকোপার্কের পর্যটকসহ তালতলীর কয়েক হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়ে।
বৈঠকে অংশ নেওয়া বরগুনা জেলা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য গাজী শামসুল হক বলেন, ‘আমরা বৈঠকের সিদ্ধান্ত মেনেই বাস চালানোর প্রস্তুতি নিয়েছি। কিন্তু কাঠ ব্যবসায়ীরা বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে আমাদের গালাগাল ও হুমকি দিয়েছেন। এর সুষ্ঠু বিচার ও বাস মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জমান জানান, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে বাস মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় কাঠ ব্যবসায়ী সমিতির নেতাদের যৌথ সভা হয়। ওই সভায় কাঠপট্টি সড়কের ওপর কেবল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমাণ একটি বাস রেখে বাকি বাসগুলো সড়কের ঢালে রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু বাস মালিক সমিতির লোকজন এ সিদ্ধান্ত উপেক্ষা করেন এবং আগের মতো কাঠপট্টি সড়কের ওপর বাসস্ট্যান্ড রাখার সিদ্ধান্তে অনড় থাকেন। তবে দুই পক্ষকে সমঝোতায় আনার ব্যাপারে চেষ্টা চলছে।