আমতলী-তালতলী সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-তালতলী সড়কের দক্ষিণ-পশ্চিম আমতলীতে বিকল্প (বাইপাস) সড়কের গর্তে তিনটি যাত্রীবাহী বাস ও একটি ওষুধ বহনকারী কাভার্ড ভ্যান আটকা পড়ে গতকাল শুক্রবার সকাল থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী কয়েক হাজার যাত্রী।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিম আমতলী নামক স্থানে পাঁচ বছর আগে পাউবো একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণের উদ্যোগ নেয়। ১ কোটি ৮০ লাখ টাকার ওই কাজ পায় বরগুনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জলকপাট নির্মাণের জন্য সড়ক কেটে কাজ শুরু করেন ঠিকাদার। এ সময় গাড়ি চলাচলের জন্য পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। কাজ শুরু করার পর মাস তিনেক যেতে না-যেতেই অর্থসংকটের কারণে কাজ বন্ধ হয়ে যায়। ফলে পাঁচ বছর ধরে ওই বিকল্প সড়ক দিয়েই ঢাকা, বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ অন্যান্য পথের বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে আসছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দ তৈরি হয়ে বিকল্প সড়টি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি গত বছরের মাঝামাঝি ১২ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যেই তা আবার নাজুক হয়ে পড়ে। এতে বিকল্প সড়কের খানাখন্দে প্রায়ই যানবাহন আটকা পড়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।
কয়েকজন চালক জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি বাস প্রথমে সড়কের গর্তে আটকা পড়ে। এরপর দুটি যাত্রীবাহী বাস পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুটি বাসও বিশাল গর্তে আটকে যায়। আর সড়কের অপর প্রান্তে গর্তে আটকা পড়ে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান। এরপর থেকে আমতলী-তালতলীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, চারটি গাড়ি গর্তে আটকে আছে। বাসমালিকেরা লোকজন এনে এসব বাস তোলার চেষ্টা করছেন। রাস্তার দুই দিকে বাস, পণ্যবোঝাই ট্রাক, লরি, টমটমসহ নানা যানবাহন থেমে আছে।
গর্তে আটকে পড়া বাস স্বর্ণা পরিবহন-এর মালিক হায়াতুজ্জামান মিরাজ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তাঁর বাসটি বিকল্প সড়কের বিশাল গর্তে আটকা পড়ে। এরপর লোকজন নিয়ে গাড়িটি উদ্ধারে সব রকমের চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এখন বিকল্প পন্থায় বাসটি উদ্ধারের চেষ্টা করবেন। কিন্তু তাতে অনেক সময় লাগবে।
গতকাল বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত ওই সড়কের চারটি গর্তে চারটি যানবাহন আটকা পড়ে ছিল।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আমতলী উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘জলকপাট নির্মাণের জন্য পাউবো সড়ক কেটেছে। এখন এর সব দায়দায়িত্ব পাউবোর। আমাদের কিছু করণীয় নেই।’
পাউবোর বরগুনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী রিপন মিয়া বলেন, ‘অর্থসংকটের কারণে জলকপাট নির্মাণের কাজ সম্পন্ন করা যায়নি। অর্থ না পাওয়া পর্যন্ত এর কাজ সম্পন্ন করা যাবে না। তবে বিকল্প সড়কটি মেরামত করা হবে।’