আমতলী-তালতলী সড়কে যান চলাচল বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সঙ্গে তালতলী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ তিন মাস ধরে বন্ধ রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে পায়রা নদী পার হয়ে বরগুনা জেলা সদর ঘুরে এ উপজেলার বাসিন্দাদের আমতলী উপজেলা শহর এবং পটুয়াখালীসহ দেশের অন্যান্য জায়গায় যেতে হচ্ছে। এতে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় লোকজন জানান, কালভার্ট নির্মাণের নামে আমতলী-তালতলী সড়কের একটি অংশ কেটে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের অন্যান্য অংশের অবস্থাও খারাপ ছিল। অবস্থা বেশি খারাপ হওয়ায় গত জুন থেকে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আমতলী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির পাকাকরণের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ওই সময়ই সড়কটির হরিণবাড়িয়া সেতু থেকে তালতলী বন্দর পর্যন্ত দুই কিলোমিটার সড়কের কাজ অসমাপ্ত রাখা হয়। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কালভার্ট নির্মাণের জন্য সাতধারা এলাকায় সড়কের প্রায় ২০০ মিটার জায়গা গত আট মাস ধরে কেটে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এ বিষয়ে এলজিইডির আমতলী উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটি এলজিইডির অর্থায়নে তৈরি হলেও সাতধারা এলাকার অংশটি পাউবোর বেড়িবাঁধের ওপর নির্মিত। পাউবো কর্তৃপক্ষ কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কার্যাদেশ দিলে ঠিকাদার সড়কটি কেটে কাজ না করে ফেলে রাখেন।স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, কাটা সড়কের দক্ষিণ পাশে তৈরি বিকল্প সড়কের হাল এতটাই খারাপ যে শুকনো মৌসুমেও প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। কালভার্টের নির্মাণকাজ ফেলে রাখার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন করপোরেশন কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ না পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ‘২০১১-১২ অর্থবছরে কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়। এ জন্য ব্যয় ধরা হয় এক কোটি টাকা। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১০ লাখ টাকা। আশা করছি, সামনের শুকনো মৌসুমেই পূনরায় কাজ শুরু করা সম্ভব হবে।’ আমতলী উপজেলা প্রকৌশলী সুশান্ত রঞ্জন জানান, কালভার্টের কাজ দ্রুত শেষ করার জন্য এলজিইডির পক্ষ থেকে পাউবোকে চিঠি দেওয়া হয়েছে। আমতলী-তালতলী সড়কটি সংস্কারের জন্য দরপত্র হয়েছে আগামী শুকনো মৌসুমে কাজ শুরু করা হবে।