বরগুনার আমতলী-কলাপাড়া সড়কে কলেজশিক্ষককে চাপা দেওয়া বাসটি আটক না হওয়ার বিষয়ে আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এদিকে নিহত শিক্ষকের স্বজন ও সহকর্মীরা অভিযোগ করেছেন, সাকুরা পরিবহনের চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়।৬ জুলাই সকালে আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় সাকুরা পরিবহনের কলাপাড়া-ঢাকা রুটের একটি বাস আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন হাওলাদারকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনায় আমতলী থানার ওসি তাৎক্ষণিকভাবে কলাপাড়া থানায় বার্তা পাঠিয়ে বাসটি আটক করার অনুরোধ করেন। কিন্তু বাসটি আটক হয়নি।গতকাল শুক্রবার সকালে আমতলী ডিগ্রি কলেজ মিলনায়তনে নিহত শিক্ষকের পরিবার ও আমতলী উপজেলা শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তারা অভিযোগ করেন, ফারুক হোসেন নিহত হওয়ার পর তাঁর বাবা সেকান্দার আলী মামলা করলেও দোষী ব্যক্তিদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। তাঁরা আরও অভিযোগ করেন, এই রুটে সাকুরা পরিবহনের চালক-হেলপাররা মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে।