আমতলী শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে স্থাপনা
বর্ষা আসতে না-আসতেই পায়রা নদীর তীব্র ভাঙনে বরগুনার আমতলী শহর রক্ষা বাঁধের ব্লক সরে যাওয়া অংশে ভাঙন দেখা দিয়েছে৷ প্রতিদিনই বাড়ছে ভাঙন৷ অথচ ভাঙন রোধে এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি৷ এতে নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি, লঞ্চ ও ফেরিঘাট, সরকারি খাদ্যগুদামসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে৷
স্থানীয় কয়েকজন জানান, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ বাঁধের ব্যাপক ক্ষতি হয়৷ কিন্তু পরবর্তীকালে তা রক্ষণাবেক্ষণ ও সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় নদীর তীব্র ঢেউয়ে গত কয়েক বছরে বাঁধের ৪০০ িমটার অংশের ব্লক সরে যায়৷ সেখানে এখন ভাঙন দেখা দিয়েছে৷
আমতলী ফেরিঘাট এলাকার কাঠ বাজারের ব্যবসায়ী আমীর আলী ১৩ মে বলেন, এই বাজারটি আগে খাদ্যগুদামের পাশে ওয়াপদা রাস্তায় ছিল৷ নদীপাড়ের বাঁধে ব্লক ফেলার পর বাজারটি এখানে আনা হয়। কিন্তু গত এপ্রিলের মাঝামাঝি থেকে বাঁধে ভাঙন শুরু হওয়ায় আবার রাস্তার ওপর কাঠের বাজারটি বসাতে হচ্ছে।
সরেজমিনে ১১ মে দেখা যায়, তীব্র ভাঙনে ফেরিঘাটের উত্তর পাশের বেশ কিছু অংশের ব্লক ধসে নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বাড়ায় বর্তমানে সেখানে বসবাসকারী কমপক্ষে ৪০টি পরিবার চরম আতঙ্কে আছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ভাঙনকবলিত ওই এলাকার বাঁধে নতুন করে সিসি ব্লক বসাতে এ বছরের শুরুর দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে৷ তিনি জানান, এখানে বিশাল এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে৷ এখন কোনো জরুরি উদ্যোগ নিলেও কাজ হবে না৷ আগামী বছর প্রস্তাবিত প্রকল্পের অধীনে এ বাঁধে সংস্কার করার আশা প্রকাশ করেন তিনি৷