আমতলী শহরের ওষুধের দোকানে ধর্মঘট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী শহরের ওষুধ ব্যবসায়ীরা গতকাল রোববার হঠাৎ করে ধর্মঘট শুরু করায় চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধিরা জানান, গত ১১ এপ্রিল আমতলী শহরের মেসার্স আল-আমিন মেডিকেল হলের মালিক জাকির বিশ্বাস ও তাঁর ছোট ভাই মামুন বিশ্বাসের সঙ্গে ওষুধ কোম্পানি রেনাটার বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমানের ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটে। মাহাবুবুর রহমান আমতলী থানায় মামলা করলে শনিবার পুলিশ মামুন বিশ্বাসকে গ্রেপ্তার করে।এ ঘটনার প্রতিবাদে আমতলী শহরের ওষুধ ব্যবসায়ীরা রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত সব ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। হঠাৎ করে ধর্মঘটের কারণে জরুরি ওষুধ না পেয়ে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছে। চাওড়া ইউনিয়নের বিবাহ নিবন্ধনকারী মাওলানা আবুবকর অভিযোগ করেন, তাঁর স্ত্রীর জন্য জরুরি ওষুধ না পেয়ে তিনি পটুয়াখালী থেকে ওষুধ আনতে বাধ্য হয়েছেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মদন জি পাল বলেন, অনাকাঙ্ক্ষিত এই ধর্মঘটের কারণে রোগীদের দারুণ ভোগান্তি পোহাতে হয়েছে। ওষুধ ব্যবসায়ীরা জরুরি সেবার বিষয়টি ভুলে গিয়ে শুধু লাভ আর ব্যবসার কথা ভাবেন, যা খুবই দুঃখজনক।