আমতলীতে অবৈধ আট ইটভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার কুতুবপুর গ্রামের একটি ইটভাটায় পোড়ানোর জন্য স্তূপ করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। পাশেই করাতকল। সম্প্রতি তোলা ছবি  প্রথম আলো
বরগুনার আমতলী উপজেলার কুতুবপুর গ্রামের একটি ইটভাটায় পোড়ানোর জন্য স্তূপ করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। পাশেই করাতকল। সম্প্রতি তোলা ছবি প্রথম আলো

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধ আটটি ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটা স্থাপন করতে হলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী হাইব্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করার বিধান রয়েছে। উপজেলার কুতুবপুর, চাউলা বাজার, ছুরিকাটা, মহিষডাঙ্গা, পাতাকাটা, শাঁখারিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরকারের নীতিমালা তোয়াক্কা না করে কোনো রকম অনুমোদন ও পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়াই আটটি ইটভাটা চলছে। সবগুলো ইটভাটাই লোকালয়ের পাশে এবং ফসলের মাঠে স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে হাত করেই এসব ভাটা চালানো হয় বলে ইটভাটাসংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলার কুতুবপুর গ্রামে আরএফএমএস ব্রিকসের মালিক শফিউল বাশার, মহিষডাঙ্গায় এমসিকে ব্রিকসের মালিক সোবাহান কাজীসহ অন্য মালিকদের ইটভাটাগুলোর পাশে করাতকল (স-মিল) বসিয়ে কাঠ চেরাই করে ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইটভাটা শ্রমিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ভাটার পাশে প্রদর্শনের জন্য সামান্য কয়লা মজুদ থাকে এবং বছরের পর বছর সেগুলো অব্যবহূতই থেকে যায়।
পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১২ ও ৪(২) (৩) অনুচ্ছেদ অনুযায়ী ফসলি জমিতে অথবা ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন করা দণ্ডনীয় অপরাধ। তবে লোকালয়ে এবং ফসলি জমিতে স্থাপিত আমতলী উপজেলার এসব ইটভাটার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে প্রশাসন অথবা পরিবেশ অধিদপ্তরের কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বেশ কয়েক ব্যক্তি। তাঁরা জানান, যাঁরা ইটভাটা করছেন তাঁরা খুবই প্রভাবশালী। এ কারণে সাধারণ মানুষ ভয়ে কিছু বলছে না।
অভিযোগের বিষয়ের জানতে চাইলে আরএফএমএস ব্রিকসের মালিক শফিউল বাশার, এমসিকে ব্রিকসের মালিক সোবাহান কাজী কোনো কথা বলতে রাজি হননি। উপজেলার পাতাকাটার এইচআরটি ব্রিকসের ব্যবস্থাপক গোলাম হায়দার জানান, এক বছর আগে তাঁদের ভাটায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে চিমনি ভেঙে দিয়েছিল। পরে তাঁরা ভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পুনরায় চালু করেছেন।
লোকালয়ের খুব কাছে স্থাপিত এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়া শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন আমতলী উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল করিম।
অভিযোগ অস্বীকার করে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস মুঠোফোনে জানান, ওইসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অল্প সময়ের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।