আমতলীতে আউশের দাম ভালো, স্বস্তিতে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এবার আউশ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে খেত থেকে ধান কাটা শুরু হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকেরা প্রতিবছর বৈশাখের মাঝামাঝি (মে মাসের শুরু) থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত আউশ ধান রোপণ করেন। শ্রাবণ মাসের (আগস্টের মাঝামাঝি) শেষের দিকে ধান কাটা শুরু হয়ে চলে ভাদ্র মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। আমতলীতে বেশির ভাগ কৃষক ব্রি-৪৮ ও ব্রি-২৭ জাতের দুটি ধান রোপণ করেন। এই উপজেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে ধান আবাদ হয়। শুরুতে বৈরী আবহাওয়া থাকলেও আউশ ধানের খেত তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। পরে অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে।

স্থানীয় বাজারগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ ধান ৮০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ দরে ধান বিক্রি করা সম্ভব হলে লাভ হবে বলে জানান কৃষকেরা।

উপজেলার সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা এবার আড়াই একর জমিতে আউশ ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘ফলন ভালো হয়েছে। আশা করি ৯০ মণ ধান পাব। বাজারে ধানের দাম বেশি আছে। আমাদের লোকসান গুনতে হবে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, ‘বিগত কয়েক বছরের তুলনায় আউশের ফলন এ বছর ভালো। আশা করি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’