আমতলীতে আদিবাসী দম্পতিকে পিটিয়ে জখম
বরগুনার আমতলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রিপন ও তাঁর সহযোগীরা এক আদিবাসী দম্পতিকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তালতলী থানার আদিবাসী রাখাইনপল্লিতে গত রোববার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার কবিরাজপাড়া রাখাইনপল্লির চৌসে (৩২) ও তাঁর স্ত্রী মেমা (২৫)। তাঁদের রোববার রাতেই আশঙ্কাজনক অবস্থায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই দম্পতি রাতেই তালতলী থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত চৌসে জানান, তাঁর শ্বশুর পোসে রাখাইন সম্প্রতি কিছু জমি বিক্রি করেন। জমি বিক্রির ৫০ হাজার টাকা ক্রেতা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রিপনের কাছে জমা রাখেন। জমির দলিল নিবন্ধনের পর ওই টাকা চাইলে রিপন ২০ হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা বলেন। পরে মাসখানেক ধরে তাগিদ দিয়েও ওই টাকা না পাওয়ায় এ নিয়ে সপ্তাহখানেক আগে রিপনের সঙ্গে চৌসের কথাকাটাকাটি হয়। এর জের ধরেই রিপন তাঁদের ওপর রোববার এই হামলা চালান। মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ বলেন, ‘আমি বিষয়টি দেখব এবং আমার ছেলে অন্যায় করলে অবশ্যই তার বিচার করব।’ তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. খালেক বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়ায় অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।