আমতলীতে কাঁকড়ার চাষ
বরগুনার আমতলী উপজেলায় কাঁকড়ার চাষ শুরু হয়েছে। উপজেলার কড়ইবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে মাছের আড়তদার মনির গাজী কাঁকড়ার চাষ শুরু করেছেন। ইতিমধ্যে সাফল্যও পেয়েছেন তিনি।গত রোববার সরেজমিনে দেখা গেছে, কড়ইবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে ছোট্ট একটি পুকুর (৫০ ফুট বাই ৫০ ফুট)। পুকুরের চারপাশ বাঁশের চাটাই ও মশারির জাল দিয়ে ঘেরা। মাঝ বরাবর চাটাইয়ের বেড়া ও মশারির জাল দিয়ে পুকুরটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এ এলাকায় সাধারণত মাছ চাষের জলাশয়ে এত সুরক্ষা করা হয় না।পুকুরে সাঁতরে এক যুবক কী যেন ধরছেন। কাছে যেতেই দেখা গেল, বড় আকৃতির কাঁকড়া ধরছেন তিনি। সবুজ নামের ওই যুবক জানান, এটি একটি কাঁকড়ার ঘের। এখানে ছোট ছোট কাঁকড়া পরিচর্যার মাধ্যমে মোটা-তাজা করে বড় করা হয়। পরে তা খুলনা ও বাগেরহাটে চালান করা হয়। এই ঘেরের মালিক মনির গাজী। তিনি মাছের আড়তদার। ঘেরের পাশেই তাঁর মাছের আড়ত।মনির গাজী জানান, ১২ বছর ধরে তিনি গলদা, বাগদা চিংড়িসহ বিভিন্ন সাদা মাছের (রুই, কাতলা, কোরাল, বোয়াল প্রভৃতি) আড়তদারি করছেন। বছর পাঁচেক আগে কাঁকড়ার ব্যবসা শুরু করেন। স্থানীয় জেলেদের কাছ থেকে কাঁকড়া কিনে তা খুলনা, বাগেরহাট এলাকায় বিক্রি করেন। জেলেদের জালে ধরা কাঁকড়াগুলো আড়তে আনতে আনতেই দুর্বল হয়ে পড়ত। এগুলো খুলনা পাঠানোর সময় অর্ধেকই মারা যেত। সে সময় থেকেই ভাবতে থাকেন, কীভাবে তরতাজা কাঁকড়া পাঠানো যায়। সে ভাবনা থেকেই গত বছর তিনি কাঁকড়ার চাষ শুরু করেন।মনির গাজী বলেন, ‘কাঁকড়ার জন্য খুব বেশি খাডাখাটনি লাগে না। খালি খাওন দিলেই হয়। তবে পুকুরের চাইর কূলে শক্ত কইরা বেড়া দেওন লাগে। না হইলে কাঁকড়া হাঁইটা হাঁইটা চইলা যায়। বর্তমানে আমার পুকুরে ছোট-বড় প্রায় পাঁচ হাজার কাঁকড়া আছে। জাইল্যাদের কাছ থেকে বাচ্চা কাঁকড়া কিন্যা পুকুরের এক পাশে রাখি। ৪১ দিন পর ওইগুলো প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের হয়। তখন এগুলো তুইল্লা বিক্রির জন্য পুকুরের অন্য পাশে রাখি। প্রতি কেজি কাঁকড়া ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা দরে খুলনাসহ বিভিন্ন মোকামে বিক্রি করি। বারো মাসই এই ব্যবসা চলে। ৫০ হাজার টাকা খরচ করলে দেড় মাস পর প্রায় এক লাখ টাকা বিক্রি আসে। আমার ব্যবসা দেইখ্যা এলাকার শহীদ ও পান্না এইবার কাঁকড়ার ঘের দিছে।’তাঁর স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘কাঁকড়া গুলানরে আমিই খাওন দেই। বাজার থেকে গুঁড়া মাছ আইন্যা প্রতিদিন ঘেরে ফালাই। এইগুলি ধরার পর ঠ্যাং বান্ধার কামও করি।’শহীদ বলেন, ‘আমতলী উপজেলায় একমাত্র মনির গাজীর কাঁকড়ার ঘের রয়েছে। তাই তাঁর কাছ থেকেই পরামর্শ নিয়ে কাজ শুরু করেছি। আশা করছি, আমরাও সাফল্য পাব।’উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, উপকূলীয় এলাকা হিসেবে আমতলীতে কাঁকড়ার চাষ ও প্রজননের উপযোগী পরিবেশ রয়েছে। ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত জেলেদের জালে প্রচুর কাঁকড়ার বাচ্চা ধরা পড়ে এবং অহেতুক মারা পড়ে। সেগুলোকে মোটা-তাজাকরণের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন সম্ভব। উপজেলা মৎস্য বিভাগ কাঁকড়ার চাষে উদ্যোগী ব্যক্তিদের প্রশিক্ষণসহ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।