আমতলীতে চার কিমি ঘুরে ফেরি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যসংকট ও ডুবোচর সৃষ্টি হওয়ায় পায়রা নদীর বরগুনার আমতলী অংশে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এখন ফেরিগুলোকে প্রায় চার কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী একতলা ও দোতলা লঞ্চগুলোকেও বেশি পথ ঘুরে ঘাটে ভিড়তে হয়। এতে সময়ের অপচয়ের পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, আশির দশকে পায়রা নদীর শাখা চাওড়া নদীতে বাঁধ দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া হিসেবে পায়রা নদীর নাব্যতা কমতে থাকে এবং এ নদীর আমতলী পাড়ের অংশে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়। পাউবোর আমতলী কার্যালয়ের গেজ রিডার (নদীতে পানি ও গভীরতা পর্যবেক্ষক) আলমগীর হোসেন জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলা-পরবর্তী সময়ে পায়রা নদীর নাব্যতা পুনরায় কমতে থাকে। আমতলীর লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকার যেসব স্থানে তিন বছর আগেও নদীর গভীরতা ৭০ থেকে ৮০ ফুট ছিল সেসব স্থানে এখন গভীরতা ১৫ থেকে ২০ ফুট। ফেরিচালক মো. খোকন মিয়া বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় ভাটার সময় ফেরিগুলোকে বাধ্য হয়ে তিন থেকে চার কিলোমিটার দক্ষিণে ঘুরে চলাচল করতে হয়। অনেক সময় রাতে ফেরি চড়ায় আটকে পড়ে। দুই-তিন ঘণ্টা অপেক্ষার পর জোয়ার হলে বন্দিদশা থেকে মুক্তি পেতে হয়।’আমতলী লঞ্চঘাটের দুলাল মিয়া জানান, ভাটার সময় লঞ্চ সোজা পথে ঘাটে ভেড়ানো যায় না। আড়াই কিলোমিটার দক্ষিণে ঘুরে আসতে হয়। আমতলী ফেরিঘাটের সুপারভাইজার মো. হেলাল বলেন, পায়রা নদীতে ডুবোচর ও নাব্যসংকটের কারণে এখন ফেরি পারাপারে সময় অনেক বেশি লাগে। ফলে নির্ধারিত ৩০ মিনিট সময়ের পরিবর্তে এক ঘণ্টা লেগে যায়।