আমতলীতে জলদস্যু-কোস্টগার্ড গুলিবিনিময়, মাঝি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী আশারচর শুঁটকি পল্লিতে গত রোববার রাতে জলদস্যুরা হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে। এ সময় জলদস্যুদের সঙ্গে কোস্টগার্ড সদস্যদের গুলিবিনিময় হয়। জলদস্যুদের গুলিতে নৌকার এক মাঝি নিহত হয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী ও কোস্টগার্ড সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল আশারচর শুঁটকি পল্লিতে হামলা চালায়। এ সময় তারা পল্লির বাসিন্দাদের কাছে থাকা প্রায় ৬০টি মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় পল্লির ১০ জেলেকেও অপহরণ করে নিয়ে যায় তারা। খবর পেয়ে রাত ১১টার দিকে পাথরঘাটা ঘাঁটির কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এলে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক ঘণ্টা গুলিবিনিময়ের পর জলদস্যুরা পালিয়ে যায়। গুলিতে কোস্টগার্ডের সদস্যদের বহন করে আনা ইঞ্জিন নৌকার মাঝি জয়নাল (৫০) ঘটনাস্থলেই মারা যান। আমতলীর বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শুঁটকি পল্লির ব্যবসায়ী দুলাল ফরাজী জানান, জলদস্যুরা পল্লির বাসিন্দাদের প্রায় ৬০টি মোবাইল ফোন সেট ছাড়াও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ছাড়া ১০ জন জেলেকেও অপহরণ করে নিয়ে যায়। তাঁরা হলেন আবুল কালাম (২৮), বাবুল (২৫), ইসমাইল (৫০), কামাল (২৫), সাধন মণ্ডল (৪৫), সদেব (৩০), মাসুদ (২৫), দেবব্রত (২৮), রহমান (৩০) ও জাহাঙ্গীর (৩৫)। তাঁদের বাড়ি সাতক্ষীরা, বাগেরহাট ও আমতলী উপজেলার বিভিন্ন এলাকায়।আমতলীর তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. খালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাহারা রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার আব্দুর রশিদ গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে জানান, জলদস্যুদের কাছে স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক অস্ত্র এবং দ্রুতগামী যান রয়েছে। ওদের প্রতিহত করতে হলে র্যাব, পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান প্রয়োজন। তিনি জানান, নিহত জয়নাল তাঁদের স্থানীয় সোর্স এবং পথনির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন। তাঁর বাড়ি পাথরঘাটার ঘুটাবাছা গ্রামে।