আমতলীতে জোয়ারে বাড়িঘর ও ফসলি জমি প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের পায়রা নদীর তীরবর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৪০০ মিটার ভাঙা অংশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে অসংখ্য বাড়িঘর ও ব্যাপক এলাকার ফসলি জমি প্লাবিত হচ্ছে।স্থানীয় বাসিন্দা বারেক মিয়া বলেন, ‘বাড়িঘরে শুকনা জায়গার অভাবে দুই দিন ধইরা রান্ধন (রান্না) চলে না। জোবার (জো) টানে যখন পানি বাড়ে, তখন গুরাগারাগুলানরে (শিশুদের) ঘরের মধ্যে বাইন্দা (বেঁধে) রাখি।’স্থানীয় বাসিন্দারা জানান, সিডর ও আইলায় বালিয়াতলী গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের তিন কিলোমিটারের বেশি জায়গা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনেও বাঁধটি সংস্কার না করায় বালিয়াতলীর জেলেপাড়ার কাছে বাঁধের ৪০০ মিটার নদীতে ভেঙে যায়। এই ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে এলাকার ২০০টি পরিবারের বাড়িঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া লোনা পানি ঢুকে দুই বছর ধরে এলাকার প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হচ্ছে।মঙ্গলবার বালিয়াতলী গ্রামে গিয়ে দেখা গেছে, পূর্ণিমার জোয়ের কারণে বাঁধের ভাঙা অংশ দিয়ে অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকছে। অল্প সময়ের মধ্যে ৪৫-৪৬টি বাড়ির মধ্যে পানি ঢুকে পড়েছে। কয়েকটি বাড়ির উঠানে প্রায় কোমরসমান পানি। অনেকেই ঘরের চৌকির ওপর পরিবারের সদস্যদের নিয়ে বসে আছেন। কেউ কেউ প্রয়োজনীয় গৃহস্থালি জিনিসপত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন। স্থানীয় আবদুল হক বেগ (৬০) জানান, দুই বছর ধরে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত জোয়ারের পানিতে এই এলাকার বাড়িঘর নিয়মিত প্লাবিত হচ্ছে।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, দীর্ঘ মেয়াদে জলাবদ্ধতার কারণে ফসল পচে যায়। স্থানীয় আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘বাঁধটি ক্রমাগত ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাচ্ছি না।’ আমতলী পাউবোর বিভাগীয় প্রকৌশলী (এসডিই) আবুল হোসাইন বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও মেরামতের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে দরপত্র ডাকা হয়েছিল। হঠাৎ করে পুরো প্রকল্পটি স্থগিত করা হয়েছে। এখন অর্থ বরাদ্দের অভাবে সব কাজ বন্ধ হয়ে আছে।’