আমতলীতে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব
বরগুনার আমতলী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৮২ জন রোগী চিকিৎসা নিয়েছে। রোগীদের স্বজনদের অভিযোগ, তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় ওষুধপথ্য পাচ্ছেন না
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৬২ জন ডায়রিয়া ও ২০ জন নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
আমতলী সদর ইউনিয়ন, চাওড়া, হলদিয়া ও কুকুয়া—এই চারটি ইউনিয়নে এর প্রকোপ বেশি।
গতকাল রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। আবার নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশুই ডায়রিয়ায়ও ভুগছে। রোগীদের চাপ বেশি হওয়ায় অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে।
হলদিয়া গ্রামের তিন বছরের শিশু জিহাদ গত মঙ্গলবার থেকে নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি। মা জেসমিন বেগম বলেন, হাসপাতাল থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। আইভি স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
বৈঠাকাটা গ্রামের দুই বছরের শিশু হাসিবের বাবা রিপন আকন বলেন, অতিরিক্ত জ্বর নিয়ে তাঁর ছেলেকে দুদিন আগে হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধপথ্য পাচ্ছেন না। সব ওষুধই বাইরে থেকে কিনে আনতে হয়েছে।
তবে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তাপস চন্দ্র মণ্ডল বলেন, হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন রয়েছে। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ মতিন বলেন, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। এ রোগ থেকে বাঁচতে বাসি খাবার ও ঠান্ডা থেকে দূরে থাকতে হবে।