আমতলীতে তরমুজের ফলনে ধস, চাষিরা লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলনে ধস নামায় বরগুনার আমতলী উপজেলার কৃষকেরা এ বছর তরমুজ চাষ করে লোকসানের মুখে পড়েছেন। অভিযোগ আছে, বীজের গুণগত মান নিশ্চিতকরণের কোনো ব্যবস্থা না থাকায় নিম্নমানের বীজ ব্যবহারে ফলন খারাপ হয়েছে। সেই সঙ্গে ঝড়-বৃষ্টির কারণে তরমুজখেতের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আমতলী উপজেলায় এ বছর ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। গতবার ভালো ফলন পাওয়ায় এবার আরও বেশি জমিতে তরমুজ চাষ করেন স্থানীয় কৃষকেরা।
কৃষকেরা জানান, সেচ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরিসহ বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। এলাকার বিভিন্ন মহাজনের কাছ থেকে দাদন ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে চাষ করেন তাঁরা।
আঠারগাছি, কুকুয়াসহ কয়েকটি গ্রামের কৃষকেরা অভিযোগ করেন, এবার যে তরমুজ বীজ কিনে রোপণ করেছিলেন, সেগুলোর গুণগত মান ভালো ছিল না বলে এই অবস্থা হয়েছে। এসব বীজের গুণগত মান নির্ণয় করার জন্য কৃষি বিভাগের কোনো নজরদারি না থাকায় বীজ ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য মানহীন বীজ কৃষকদের হাতে তুলে দিচ্ছেন।
এ বছর উপজেলার অধিকাংশ কৃষক বিগ ফ্যামিলি ও এশিয়ান টু বীজ রোপণ করেন। গত মৌসুমে বিগ ফ্যামিলি নামের কোম্পানির ১০০ গ্রাম বীজের মূল্য ছিল ২ হাজার টাকা। এবার তা ৪ হাজার টাকায় কিনতে হয়েছে। চড়া দামে বীজ কিনে ফলন পাওয়ার পর কৃষকেরা বুঝতে পারেন এসব বীজ ছিল নিম্নমানের। এ ছাড়া চৈত্র ও বৈশাখ মাসে ঝড় ও বৃষ্টিপাতের কারণে তরমুজখেত ক্ষতির মুখে পড়ে।
উপজেলার হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের কৃষক সফিউর রহমান পেয়াদা জানান, তিনি ছয় বিঘা জমিতে তরমুজ চাষ করেন। এতে তাঁর ৩৫ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু তিনি এবার ২ হাজার টাকার তরমুজও বিক্রি করতে পারেনি। খেতে যে বীজ বপন করেছিলেন তার মান খারাপ হওয়ায় ফলন হয়নি।
দক্ষিণ রাওঘা গ্রামের কৃষক আইয়ুব মোল্লা জানান, ১ লাখ ৫ হাজার টাকা ব্যয় করে তিনি ২০ বিঘা জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু তরমুজ বিক্রি করেছেন মাত্র ২০ হাজার টাকা। চড়া সুদে দাদন এনে তরমুজ চাষ করে লোকসান হওয়ায় হালের গরু বিক্রি করে দাদনের টাকা শোধ করেছেন।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, ‘এবার আবহাওয়া তরমুজ চাষের অনুকূলে ছিল না। এ ছাড়া বীজের মূল্যবৃদ্ধি ও মান নিয়েও কিছু সমস্যা ছিল। সে জন্য অধিকাংশ তরমুজচাষি লোকসানের মুখে পড়েছেন। আমরা এসব ক্ষতিগ্রস্ত চাষির তালিকা করছি এবং যত ধরনের সহায়তা আছে সেসব বিষয়ে তাঁদের অগ্রাধিকার দিচ্ছি।’
বীজের মান যাচাই ও বাজার তদারকির ব্যবস্থা সম্পর্কে এস এম বদরুল আলম বলেন, বীজ সম্পর্কে কোনো কৃষক অভিযোগ করলে অবশ্যই তার মান যাচাই করা হয়। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ এবার কৃষকদের কাছ থেকে পাওয়া যায়নি। এ ছাড়া বাজার তদারকির বিষয়টি তাঁরা সব সময় করেন বলে জানান।