আমতলীতে তিন দিন পর ফল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার তিন দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলীতে আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহামঞ্চদ আলী এ ফল ঘোষণা করেন।

নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন চেয়ারম্যান পদে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার, ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার জ্যোৎস্না।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে জি এম দেলোয়ার পেয়েছেন ৫৮ হাজার ১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন ফকির পান দুই হাজার ৪৭২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ৫০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম তালুকদার পান পাঁচ হাজার ২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার পেয়েছেন ৫৮ হাজার ২৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা ইয়াসমীন পান তিন হাজার ৫৮০ ভোট।

৩১ মার্চ নির্বাচনের দিন সকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়া অন্য সব প্রার্থী নির্বাচন বর্জন করেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার সাতটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। তবে স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে অনেক বেশি ভোটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকায় তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।