আমতলীতে নষ্ট হচ্ছে ১০টি সরকারি বীজাগার
সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনার আমতলী উপজেলার ১০টি সরকারি বীজাগার পরিত্যক্ত হয়ে পড়েছে। জরাজীর্ণ এসব বীজাগারের ভবন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।সরেজমিন দেখা গেছে, উপজেলার কুকুয়া, আরপাঙ্গাসিয়া, বড়বগী ইউনিয়নের বগীবাজার; পচাকোরালিয়া ইউনিয়নের বড়বাজার, কড়ইবাড়িয়ার শারিকখালী, গুলিশাখালী ইউনিয়নের গোজখালী আমতলী সদরে আমতলী শহরের ডিগ্রি কলেজের পেছনে অবস্থিত বীজাগারগুলো দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বীজ সংরক্ষণ না করায় এবং উপজেলার কোথাও কৃষি বিভাগের বীজাগার না থাকায় সময়মতো কৃষকেরা বীজ পাচ্ছেন না। এ ছাড়া চাওড়া ইউনিয়নের ঘটখালী ও হলদিয়া ইউনিয়নের বীজাগার দুটিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির সময় ভেঙে ফেলা হয়েছে বলে কৃষি দপ্তর সূত্র নিশ্চিত করেছে। আঠারোগাছিয়া বীজাগার ভবনটি সংস্কার করে গত বিএনপির আমলে সেখানে পুলিশ ফাঁড়ির জায়গা করে দেওয়া হয়।আমতলী উপজেলা কৃষি দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা জানান, বিএডিসি ভবনগুলোর কোনো সংস্কার করেনি। ১৯৯২ সালে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এগুলো সরাসরি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে চলে যায়।আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, আমতলী উপজেলায় কৃষি বিভাগের কোনো বীজাগার নেই। বিএডিসির বীজাগারগুলোর জায়গার মালিকানাও কৃষি বিভাগের নয়। জায়গা পাওয়া গেলে বীজাগার তৈরির জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া যেতে পারে।