আমতলীতে নির্বাচনী মিছিলে উঠল বাস, নিহত ৮
বরগুনার আমতলী উপজেলায় ঢাকাগামী একটি বাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার মিছিলের ওপর উঠে খাদে পড়ে যায়। এতে আটজন নিহত ও শতাধিক আহত হয়। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে আমতলীর ডাক্তারবাড়ি এলাকায় আমতলী-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন আবদুল বারেক (৭০), রাজীব (২৫), আবু বকর (৫০), হাফিজ উদ্দীন (৪২), আবদুল হক (৭০), জাকির হোসেন (৪০), জাফর হোসেন (৫০) ও আবদুর রব (৩৬)। তাঁদের সবার বাড়ি আমতলীর চাওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন চাওড়া ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে রাত সাড়ে আটটার দিকে ৭০-৮০ জন সমর্থক স্থানীয় ঘটখালী বাজারের দিকে মিছিল করে আসছিল। মিছিলটি ডাক্তারবাড়ি এলাকায় পৌঁছালে কলাপাড়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলের লোকজনকে চাপা দেয় এবং পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে আটজন নিহত ও শতাধিক আহত হয়। আহত ব্যক্তিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী সদর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জন ভর্তি আছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত এক যুবক জানান, ‘আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম বাসটি বেপরোয়া গতিতে আমাদের দিকে এগিয়ে আসছিল। এতে আমরা মিছিল নিয়ে মূল রাস্তা ছেড়ে পাশে চলে আসি। কিন্তু ভাবতে পারিনি বাসটি আমাদের ওপর এমন করে হামলে পড়বে।’ যুবকটি বলেন, ‘শুধু অনেকের চিৎকার শুনেছি। এরপর কী হয়, তা বলতে পারব না।’এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরগুনা ও আমতলীর দুটি দল দুর্ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল রাত ১১টা পর্যন্ত বাসটি খাদ থেকে উদ্ধার করা যায়নি। স্থানীয় ব্যক্তিদের ধারণা, বাসের মধ্যে ও নিচে চাপা পড়ে কারও লাশ বা জীবিত কেউ থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান ও পুলিশ সুপার মাহবুব হাকিম রাতেই ঘটনাস্থলে যান।