আমতলীতে নয়টি ট্রান্সফরমার চুরি
বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি থেকে নয় দিনে নয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির আমতলী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর রাত থেকে ২৪ ডিসেম্বর শনিবার পর্যন্ত—নয় দিনে উপজেলার শাখারিয়া গ্রাম থেকে চারটি, আমড়াগাছিয়ায় একটি, ঘটখালীতে দুটি ও কালীপুরায় দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। নয়টি ট্রান্সফরমারের মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, চোরেরা ট্রান্সফরমার খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে খালি বাক্সটি ফেলে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির কুকুয়া গ্রামের সদস্য জয়নুল আবেদীন জানান, ট্রান্সফরমার চুরি হলে গ্রাহককে এর দায়ভার নিতে হচ্ছে। এটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গ্রাহকের ওপর একটা জুলুম। দরিদ্র মানুষেরা এভাবে জরিমানার টাকা দিতে পারছেন না বলে তাঁদের অন্ধকারে রাখা হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতির আমতলী কার্যালয়ের প্রকৌশলী আবদুস সালাম জানান, বাজারে একটি ট্রান্সফরমারের দাম ৫৪ হাজার টাকা। সমিতির নিয়ম অনুযায়ী গ্রাহকদের অর্ধেক পরিমাণ টাকা জমা দিয়ে সমিতি থেকে নতুন ট্রান্সফরমার নিতে হবে। টাকা জমা না হওয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না।