আমতলীতে পায়রাপারের ৫০ হাজার মানুষ আতঙ্কে
‘কোম্মে যামু, কেডা মোগো জাগা দেবে?’ গত ১৬ জুনের জলোচ্ছ্বাসে বাড়িঘর হারিয়ে বরগুনার আমতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নুরু সিকদার ও তাঁর ভাতিজা সগীর হতাশাভরা কণ্ঠে কথাগুলো বলেছিলেন।পায়রা নদী অনেক আগেই তাঁদের বাপ-দাদার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। সর্বশেষ ১৬ জুনের জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে তাঁদের বাড়িঘর ভেসে গেছে। এখন গ্রামে পায়রা নদীর পারে ডেরা বানিয়ে ১১ সদস্যের পরিবার নিয়ে তাঁরা কোনো রকমে দিন কাটাচ্ছেন। একই কারণে গ্রামের সেলিম মাতব্বর, ইসমাইল হোসেন, আলম, হানিফ, বাড়িঘর ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে পাশের তুলাতলী গ্রামে আশ্রয় নিয়েছেন। তাঁদের মতো উপজেলার শতাধিক পরিবার এখন আশ্রয়হীন।সিডর, আইলা এবং সর্বশেষ ১৬ জুনের জলোচ্ছ্বাসে আমতলীর উপকূলীয় এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের (বেড়িবাঁধ) অন্তত ৭০টি স্থানে সাড়ে পাঁচ কিলোমিটারেরও বেশি জায়গা সম্পূর্ণ বা আশিংক ভেঙে গেছে। বাঁধ মেরামত না হওয়ায় উপজেলার বড়বগী, পচাকোরালিয়া, কড়ইবাড়িয়া, চাওড়া, আরপাঙ্গিসিয়া ও গুলিশাখালী ইউনিয়নের পায়রা নদীপারের প্রায় ৫০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন। জোয়ারের পানি বেড়ে গেলেই নদীপারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আর ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকে জমি ও ফসলের ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের তথ্যমতে, সিডর ও আইলায় বরগুনা সদর উপজেলার চালিতাতলী, লতাকাটা, নিশানবাড়িয়া, গাজী মাহামুদ, ডালভাঙা, বুড়িরচর, আয়লা, পাথরঘাটা উপজেলার পদ্মা, রুহিতা, বাদুরতলা, আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, কচুপাত্রা, ঝাড়াখালী, জয়ালভাঙ্গা, বেতাগী উপজেলার ঝোপখালী, সরিষামুড়ি এবং বামনা উপজেলার, চেচান, এলাকাসহ ৯৭টি স্থানে ১১ দশমিক ৪২ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং ৭৯ দশমিক ৪৪ কিলোমিটার আংশিক ভেঙে যায়। সব মিলিয়ে জেলায় ৫০৮ কিলোমিটার বেড়িবাঁধ ও ৮৪৫ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসব বাঁধ জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও গত ১৬ জুনের জলোচ্ছ্বাসে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ও সাড়ে ছয় কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বড়বগী ইউপির চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, ভাঙা বাঁধগুলো মেরামত না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমায় নদীতে পানি বাড়ায় নদীপারের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে সাগর মোহনার কাছাকাছি এলাকায় বসবাসরত লোকজন। আকাশে মেঘ দেখলে বা আবহাওয়া দপ্তরের সতর্ক সংকেত শুনলেই তাঁরা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছাড়েন।কড়ইবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাসির মোল্লা বলেন, ‘এখনো ভাঙা বাঁধ দিয়ে অমাবস্যা ও পূর্ণিমার “জো”র (জোয়ার) সময় পানি ঢুকে বাড়িঘর, রাস্তা, মাঠঘাট প্লাবিত হচ্ছে। লোনা পানিতে খেতের ফসল তো গেছেই, মাঠঘাটের ঝোপঝাড়, ঘাস, লতাপাতা পর্যন্ত পচে যাচ্ছে। ইউনিয়নে হাতে গোনা কয়েকটি পুকুর থাকলেও লবণ-পানিতে ভরে আছে। দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কারণে বিভিন্ন গ্রামের রাস্তাঘাটের অবস্থা নাজুক হয়ে পড়েছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, ‘লবণ-পানি ঢোকা বন্ধ করা না গেলে কৃষিজমির বড় ধরনের ক্ষতি হতে পারে। আমতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের ফসলি জমিতে যে পরিমাণ লবণ জমেছে, তাতে ওই এলাকার ফলন নিয়েও আমি শঙ্কিত।’পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, সিডর ও আইলায় বরগুনায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মধ্যে ২৪৪ কিলোমিটার সংস্কার করা যায়নি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।