আমতলীতে বিএনপির ৪৬ নেতা-কর্মী জেলহাজতে
গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে জখম করার মামলায় বরগুনার আমতলী উপজেলা বিএনপির ৪৬ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্তী বিশ্বাস তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন৷
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৯ নভেম্বর বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচি চলাকালে আমতলী পৌর শহরে একটি গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের স্থানীয় কর্মী ফারুক মৃধাকে কুপিয়ে জখম করা হয়৷ এ ঘটনায় ফারুক মৃধা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৭ জন নেতা-কর্মীকে আসামি করে আমতলী থানায় মামলা করেন৷ পুলিশ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে৷
ওই মামলার আসামি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বরগুনা জেলা সভাপতি চিকিৎসক এম এ খালেক নিজাম, আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মৃধা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন শিকদারসহ ৪৬ জন নেতা-কর্মী গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন৷ আদালত আবেদন নামঞ্জুর করেন৷