আমতলীতে বিস্ফোরণের পর ৪টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় একটি বাড়ির শৌচাগারের ছাউনির ওপর রাখা একটি ব্যাগ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে ওই ব্যাগের ভেতরে ভারী বস্তু দেখে গৃহকর্ত্রী তা নড়াচড়া করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর পুলিশ ওই ব্যাগ থেকে চারটি বোমা উদ্ধার করে।গতকাল বৃহস্পতিবার সকালে আমতলী-কলাপাড়া সড়কের ছুঁড়িকাটা গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে র‌্যাব-৮-এর (বরগুনা-পটুয়াখালী) বোমাবিশেষজ্ঞ মেজর মোখলেসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করেন। বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম জানান, এ ঘটনার পরপরই বরগুনা সদরে যাওয়ার বড়ইতলা বাইনচটকি ও পুরাকাটা ফেরিঘাটে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা তল্লাশি কার্যক্রম জোরদার করেন।এ ঘটনায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে (ওসি) অপসারণের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ আজ শুক্রবার আমতলী পৌর এলাকায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ছুঁড়িকাটা গ্রামে কৃষক আ. জলিলের স্ত্রী নাজমা বেগম বাড়ির শৌচাগারের ছাউনির ওপর একটি ব্যাগ দেখে সেটি নামিয়ে আনেন। তিনি ব্যাগটি খুলে কয়েকটি ভারী বস্তুর একটি হাতে নিয়ে আঠালো টেপ খোলার চেষ্টা করতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তিনি দ্রুত ওই স্থান থেকে সরে যাওয়ায় অক্ষত থাকেন। বিকট শব্দে বাড়ি ও আশপাশের লোকজন ছুটে ব্যাগভর্তি বোমাগুলো দেখে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল ফকিরকে ঘটনাটি জানান। জালাল ফকির বিষয়টি আমতলী থানাকে জানালে পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে।আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, ব্যাগের ভেতরে থাকা অবশিষ্ট চারটি বোমা দুপুরে র‌্যাবের বিশেষজ্ঞ দল এসে পানিতে ভিজিয়ে রেখে নিষ্ক্রিয় করে। বোমাগুলো আঠালো টেপ দিয়ে হালকাভাবে মোড়ানো ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আ. জলিল ও তাঁর স্ত্রী নাজমা বেগমকে থানায় আনা হয়েছে। তবে, কারা এসব বোমা সেখানে রেখেছে, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। প্রসঙ্গত, গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস উদ্বোধন উপলক্ষে এক জনসভায় বক্তৃতা দেন।