আমতলীতে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে দশ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী শহরে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এক ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আমতলীর টিঅ্যান্ডটি সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী অমল কৃষ্ণ পালকে (৫৭) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অমল কৃষ্ণ আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।আহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে ব্যবসায়ী অমল কৃষ্ণ পাল সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে ১০ লাখ ৪৭ হাজার টাকা তুলে একটি ব্যাগভর্তি করে পুরানবাজার এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। টিঅ্যান্ডটি সড়কের মোড় অতিক্রমের সময় সন্ত্রাসীরা তাঁর দিকে গুলি ছোড়ে এবং চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা তাঁর হাতে থাকা টাকাভর্তি ব্যাগটি নিয়ে চলে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার কয়েকজন নারী জানান, গুলির শব্দ শুনে তাঁরা বাইরে এসে দেখেন, কয়েকজন যুবক ওই ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছে। এরপর ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েন। কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় কেউ তাঁকে রক্ষার জন্য এগিয়ে যেতে সাহস করেননি। সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ব্যবসায়ীর বন্ধু ও আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমতলী উপজেলায় এ ধরনের ঘটনা এটাই প্রথম। ঘটনার পর আমরা খুবই আতঙ্ক ও উদ্বেগের মধ্যে আছি।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মদন জি পাল জানান, ব্যবসায়ী অমল কৃষ্ণ ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর বুক ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল জানান, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।’ আমতলী ও বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এইচএম আজিমুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যেকোনো মূল্যে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি দলকে মাঠে নামানো হয়েছে।’