আমতলীতে ব্যাংক কার্যালয়ে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
বরগুনার আমতলী উপজেলা শহরের বাঁধঘাট এলাকায় গতকাল শুক্রবার দুপুরে জনতা ব্যাংকের স্থানীয় শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের পাঁচটি কম্পিউটারসহ আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কার্যালয়ের তৃতীয় তলা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করলেও ব্যাংকের মূল দরজায় তালা লাগানো থাকায় তা ব্যাহত হয়। পরে তাঁরা জানালার কাঁচ ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পাঁচটি কম্পিউটার, মূল্যবান আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ভল্টটি অক্ষত আছে। ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের দলনেতা সিদ্দিকুর রহমান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।