আমতলীতে ব্যাংকের শাখা স্থানান্তর নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আজিমপুর বাজারে গতকাল শুক্রবার দুপুরে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্থানীয় লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজিমপুর বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের কুকুয়া শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন তাতে বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় ব্যাংক কার্যালয় ও সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যক্তিরা। পরে আমতলী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যাংকটির স্থানীয় গ্রাহক নিজাম উদ্দিন, আবদুল হক হাওলাদার, আমির হোসেন জানান, ১৯৮৪ সালে কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারের ইউপির কার্যালয় ভবনের একটি অংশে কৃষি ব্যাংকের এই শাখাটি চালু করা হয়। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি হাসপাতালসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এই বাজারে। বাজারকে কেন্দ্র করে ব্যাংকটির চার হাজারেরও বেশি গ্রাহক রয়েছে। গতকাল সকালে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকটির মালামাল সরিয়ে নেওয়া শুরু করলে স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত লোকজনকে ধাওয়া দেন। খবর পেয়ে সহস্রাধিক মানুষ বাজারে এসে জড়ো হন এবং ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পাল্টা ধাওয়া দিয়ে ব্যাংক কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। স্থানীয় ব্যক্তিরা আজিমপুর বাজার-সাহেববাড়ি সড়কটিও আধঘণ্টার জন্য অবরোধ করে রাখে।এ ব্যাপারে কৃষি ব্যাংক কুকুয়া শাখার ব্যবস্থাপক আবদুল জব্বার জানান, ভবনটি পুরোনো এবং তাতে স্থান সংকুলান হচ্ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেড় কিলোমিটার দূরে আমতলী-পটুয়াখালী সড়কের পাশে সাহেববাড়ি বাসস্ট্যান্ডে কার্যালয়টি স্থানান্তর করা হচ্ছে। তিনি বলেন, ‘আজিমপুর বাজারের চেয়ে নতুন জায়গায় ব্যাংকটি ভালো ব্যবসা করবে বলে আমদের ধারণা।’কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কায়েসুর রহমান জানান, আজিমপুর বাজারে নতুন ইউপির ভবন হয়েছে। পুরোনো ভবন সংস্কার বা ইউপির নতুন ভবনে ব্যাংকটি চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেড় কিলোমিটার দূরে ব্যাংকটিকে নিয়ে গেলে স্থানীয় গ্রাহকেরা সমস্যায় পড়বেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, সময়মতো পুলিশ যাওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।