আমতলীতে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার তালতলীতে একটি ইউনিয়নে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে দুস্থ নারীরা ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার তালতলী থানার বড়বগী ইউনিয়নের ৩৪২ জন দুস্থ নারীকে মাসিক খাদ্য-সহায়তা প্রকল্পের আওতায় ২০০৯ সালের জানুয়ারি থেকে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল দেওয়া হচ্ছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে এ চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে তালতলী থানা সদরে স্থানীয় বড়বগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৮ জন দুস্থ নারীর মধ্যে জুলাই ও আগস্ট মাসের ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় তাঁদের মধ্যে ৬০ কেজির স্থলে ৪৫-৫০ কেজি করে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে চাল বিতরণের দায়িত্ব পাওয়া ওই ইউনিয়নের সদস্য আ. মজিদ জমাদ্দার, ছোমেদ আলী মোল্লা ও ইউপি সচিব জাকির হোসেন চাল বিতরণ বন্ধ করে দেন। ঘটনা জানার পর অন্য দুস্থ নারীরা ইউপি কার্যালয়ে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ সময় দুস্থ নারীরা চাল কম দেওয়ার কারণ জানতে চাইলে ইউপি সচিব জাকির হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের (দুস্থ নারীদের) বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন। এরপর বিক্ষব্ধ নারীরা তালতলী বন্দরে মিছিল বের করেন। ভিজিডির কার্ডধারী জাহানারা, হালিমা, রাশেদা, রহিমা, কহিনূর বেগম অভিযোগ করেন, প্রত্যেক মাসেই তাঁদের আট থেকে ১০ কেজি করে চাল কম দেওয়া হয়। বড়বগী ইউপি সচিব জাকির হোসেন চাল কম দেওয়ার কথা স্বীকার করলেও মামলা দেওয়ার হুমকির কথা অস্বীকার করেন। ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি বলেন, ‘চাল আনা-নেওয়া ও ঘাটতি পোষানোর জন্য মাপে কিছু কম দিতে হয়। বিষয়টি মীমাংসা করে দিয়েছি এখন কোনো সমস্যা নেই।’ আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’