আমতলীতে ভুয়া ফলাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় অনুষ্ঠিত চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে স্থগিত করা হয়েছে। তবে গতকাল সোমবার সারা দেশের সঙ্গে এখানেও ‘ফলাফল’ প্রকাশ করেছে উপজেলা শিক্ষা কার্যালয়। এই ফলাফল ভুয়া বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পাওয়া গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান ভুয়া ফলাফল তৈরি করে গতকাল বেলা ১২টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে তাঁদের হাতে তা তুলে দেন। আর এই ফলাফল প্রকাশের পরপরই তিনি অফিস থেকে সটকে পড়েন বলে কর্মচারীরা জানান।
এ খবর শুনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মহাপরিচালকের দপ্তর ও বরিশাল উপপরিচালকের দপ্তর থেকে এই উপজেলার ফলাফল প্রকাশে স্থগিতাদেশ পাওয়া গেছে। কীভাবে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে এটি প্রকাশ করা হলো, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের বিরুদ্ধে এই বছরের পিএসসি পরীক্ষার উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁসের অভিযোগ ওঠে। ফলাফল স্থগিতের দাবিতে গত বৃহস্পতিবার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকেরা উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।