আমতলীতে মরণব্যাধি ডিএমডি আক্রান্ত আরও দুই সহোদর

বরগুনার আমতলী উপজেলায় মরণব্যাধি ডিএমডি (ডুশেন মাসকুলার ডিসট্রফি) রোগে আক্রান্ত আরেকটি পরিবারের খোঁজ পাওয়া গেছে। তিন ভাই এই রোগে আক্রান্ত হয়। গত বছর একজনের মৃত্যু হয়। অন্য দুই ভাইয়ের একজন ৭ বছর ধরে হাত-পা শুকিয়ে চিকন হয়ে শয্যাশায়ী। সবচেয়ে ছোট ভাইটি হাঁটু ফুলে পঙ্গুত্ববরণের অপেক্ষায়।
তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার রাওঘা গ্রামে। বাবা দিনমজুর হাবিব মুসল্লি ও মা ফেরদৌসী বেগম। মানুষের সাহায্য-সহযোগিতা নিয়ে এই দুই ছেলেকে ঢাকায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। তাঁরা বলেন, বড় ছেলে মিজান পঙ্গু হয়ে ৮ বছর শয্যাশায়ী ছিল। গত বছরের মে মাসে মারা গেছে। মেজ ছেলে নাঈম মুসল্লি (১৪) প্রায় ৭ বছর ধরে পঙ্গু হয়ে শয্যাশায়ী। আর ছোট ছেলে সাইদুলের (৭) দুই পায়ের হাঁটু ফুলে মোটা হয়ে গেছে। একই পরিণতির আশঙ্কা করছেন তাঁরা।
আমতলী উপজেলার উত্তর রাওঘা গ্রামের হাবিব মুসল্লির সঙ্গে ২০ বছর আগে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। এরপর তাঁরা ঢাকায় দিনমজুরের কাজ করতেন। দুই বছর পর মিজানের জন্ম হয়। এর ৪ বছর পর নাঈম এবং ১১ বছর পর জন্ম হয় সাইদুলের। মিজানের বয়স ৭ বছর পেরোতেই তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। তার দুই হাঁটু মোটা হয়ে আস্তে আস্তে হাত-পা শুকিয়ে যায়, মিজান পঙ্গুত্ববরণ করে। নাঈমের বয়স যখন ৭ পেরোয়, তখন তারও একই সমস্যা দেখা দেয়। বাবা-মা মিজান ও নাঈমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও শিশু হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। প্রায় তিন বছর আগে এই দম্পতি ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে বসতভিটা ছাড়া আর কিছুই নেই। নাঈমের হাত-পা ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ চিকন হয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। এখন হাল ছেড়ে দিয়ে ছেলের মৃত্যু দেখার অপেক্ষায় আছেন এই দম্পতি। এরই মধ্যে ছোট ছেলে সাইদুলের দুই হাঁটু মোটা হয়ে যাচ্ছে।
গত শনিবার হাবিব বলেন, ‘একটা পোলার চোহের সামনে মরণ দেখছি। আরেকটা মরণের দুয়ারে। বোঝেন, বাপ-মায়ের জন্য এইডা কত বড় শোক। প্রায় ১০ বছর ধইর্যা পোলাগুলার এমন অবস্থা সইতে সইতে এহন পাথর অইয়্যা গেছি। আগের মতন শক্তি নাই। কাম-কাইজ কিছু ভালো লাগে না। একটা পোলা মরছে, একটা বিছনায় পইড়্যা আছে। যেকোনো সময় মইর্যা যাইব। আশা ছিল, ছোট পোলাডা যদি বাইচ্চা থাকত! কিন্তু হেইয়্যারও তো কোনো আশা নাই। টাকাপয়সাও নাই যে ওরে একটু চিকিৎসা করামু।’
বাবার কথা শুনে শয্যাশায়ী নাঈম কেঁদে ফেলে। বলে, ‘আমি তো বাঁচমু না, দাদায় (বড় ভাই) আমার সামনে মইর্যা গ্যালো। আপনারা আমার বাবা-মায়রে একটু দেইখ্যা রাইখেন। আমার জন্য দোয়া কইরেন।’
ছেলের এসব কথা শুনে চোখ মুছেন মা ফেরদৌসী বেগম। তিনি বলেন, ‘কানমু যে এহন হেই শক্তিও নাই। পোলাগো চোহের সামনে মরণ দেহি, আল্লায় যে ক্যা মোগো মরণ দেয় না।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মতিন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, রোগের ধরন শুনে মনে হচ্ছে, এই তিন সহোদরই বিরল ও জিনজনিত ডিএমডি রোগে আক্রান্ত। বংশানুক্রমিকভাবে এই রোগ হয়।
গত ফেব্রুয়ারিতে উপজেলার কালীবাড়ি গ্রামের দিনমজুর ফকু তালুকদার ও খুশি বেগম দম্পতির চার ছেলে একই রোগে আক্রান্ত হওয়ার খোঁজ মেলে। তাঁদের চার ছেলের দুজন আট বছর শয্যাশায়ী থাকার পর মারা যায়। অন্য দুই ছেলে এখন একই রোগে শয্যাশায়ী। এ নিয়ে প্রথম আলোতে ১২ ফেব্রুয়ারি ‘মরণব্যাধিতে চার সন্তানই হারাবেন ফকু-খুশি দম্পতি?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।