আমতলীতে মায়ের চার দিন পর ছেলেরও করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় মায়ের আক্রান্ত হওয়ার চার দিন পর ছেলের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আমতলীতে নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মা-ছেলে আক্রান্ত বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর এলাকার ওই নারীর দুই ছেলে ঢাকায় লেখাপড়া করেন। গত মার্চ মাসের শেষের দিকে ওই ছেলেরা ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২০ এপ্রিল ওই নারীর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। তাঁর শরীরের অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা গত বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নেন। ওইদিনই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) পাঠায়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে তিনি করোনায় আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।

মা করোনায় আক্রান্ত হওয়ার পর গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে বড় ছেলের করোনা পজিটিভ আসে। ওই নারী আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার থেকেই বাড়ি লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। মা-ছেলে বাসার আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, ওই বাড়ি আগে থেকেই লকডাউন করা আছে। মা ও ছেলে বাসায় আইসোলেশনে রেখেই চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।