আমতলীতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের দোতলা থেকে গতকাল শনিবার সকালে ইদি আমিন মৃধা (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। ইদি আমিন ওই গ্রামের মৃত আবদুর রশিদ মৃধার ছেলে।
আমতলী থানার পুলিশ জানায়, ইদি আমিনের গলায় একটি মাফলার প্যাঁচানো অবস্থায় বাজারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার রেলিংয়ের সঙ্গে ঝোলানো ছিল। গতকাল শনিবার সকালে স্বজনেরা ইদি আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখে সেখান থেকে বাঁচানোর জন্য মাফলার কেটে নিচে নামিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে আমতলী থানায় খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ইদি আমিনের লাশ উদ্ধারের খবর পেয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান ও বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইদি আমিনের বড় ভাই ইয়ামিন মৃধা বলেন, ইদি আমিন বাজারখালীর নিজের মাছের ঘেরের টংঘরে শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। সকালে তাঁর চাচা মামুন মৃধা তাঁকে ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের দোতলার রেলিংয়ের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে, শত্রুরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। তবে তাঁর গলায় দাগ থাকলেও শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।