আমতলীতে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আমতলী উপজেলায় গত শুক্রবার রাতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবলীগ নেতা নিহত হয়েছেন। যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনা গতকাল শনিবারের।
নিহত ব্যক্তিরা হলেন এএসআই মোজাম্মেল হক (৫০) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কবির খোকন (৩৮।
গোলাম কবিরের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলযোগে কলাপাড়া যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু সুমন দেবনাথ (২৮) ও পিন্টু আহম্মেদ (৪০)। রাত নয়টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিন আরোহীই ছিটকে রাস্তায় পড়ে যান।
গুরুতর অবস্থায় তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গোলাম কবিরের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য সুমন ও পিন্টুকে পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভয়নগরে নিহত এএসআই মোজাম্মেল খুলনার তেরখাদা উপজেলার আজগরা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গুয়ালগ্রামে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোজাম্মেল মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দৌলতপুর থেকে কর্মস্থল তেরখাদায় যাচ্ছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা সড়কে অভয়নগরের তালতলা পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের সামনে তাঁকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।