আমতলীতে রাতেই ব্যালট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আজ সোমবার ভোররাতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন ব্যালট ছিনতাই করে বাক্স ভর্তি করার অভিযোগে সকাল নয়টার দিকে এসব কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এসব কেন্দ্র হচ্ছে গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর-পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাগাছিয়া জনতা কে এইচ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেকুয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জি এম দেলোয়ারের লোকজন এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে তাতে সিল মেরে বাক্স ভর্তি করেন। আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলে বিষয়টি জানাজানি হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা রিটার্নিং কর্মকর্তা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সকাল পৌনে নয়টার দিকে প্রাথমিকভাবে ১২টি কেন্দ্রের ভোট সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাকি ছয়টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়।

উত্তর-পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিজাম উদ্দীন জানান, ব্যালট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে তিনি গত রাতে ওই বিদ্যালয়ে অবস্থান করছিলেন। আজ ভোররাত চারটার দিকে পাঁচ-সাতজন যুবক এসে তাঁর কাছে ব্যালট চান। একপর্যায়ে তাঁরা জোর করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৯০০টি করে ব্যালট নিয়ে সিল মেরে বাক্সভর্তি করে চলে যান। পরে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভোররাতেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বেশ কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের জিম্মি করে ব্যালট ছিনতাই করে তা দিয়ে বাক্স ভর্তি করেন। নির্বাচন কমিশনে এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ করেছি। এর পরিপ্রেক্ষিতে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’ এখনো বিভিন্ন কেন্দ্রে তাঁরা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।