আমতলীতে শিক্ষকদের ক্লাস বর্জন
বরগুনার আমতলী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার শিক্ষক-কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি ও ক্লাস বর্জন করেছেন। আমতলীতে ৬ জুলাই সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন নামে এক কলেজশিক্ষক নিহত হন। ওই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার সব বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোয় দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মচারীরা কর্মবিরতি পালন ও শিক্ষকেরা ক্লাস বর্জন করেন। আমতলী একে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুর রশিদ মিয়া বলেন, ‘আমতলীতে অহরহ দুর্ঘটনা ঘটছে। আজ পর্যন্ত একটি দুর্ঘটনারও সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। বাধ্য হয়েই আমরা এ কর্মসূচি পালন করছি।’আমতলী বন্দর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, ‘নিহত ফারুক হোসেনের জন্য সোমবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান হয়েছে।উপজেলা শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সদস্যসচিব আবুল হোসেন বিশ্বাস বলেন, ‘সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাব। আগামী ১৮ জুলাই শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করব।’