বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাফুজা বেগমকে বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে। কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়া, বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১৬ ফেব্রুয়ারি ওই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পরিচালনা কমিটির সভাপতি জাফর বিশ্বাস জানান। এ ঘটনার প্রতিবাদে রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আমতলী-তালতলী সড়কের আরপাঙ্গাশিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে।আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ওই এলাকার বিশ্বাস পরিবার ও হাওলাদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাওলাদার পরিবারের বধূ। বিদ্যালয়ের টাকা আত্মসাৎ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতির লিখিত রেজুলেশনের ভিত্তিতে টাকা তুলে শিক্ষকদের বণ্টন করে দেওয়া হয়েছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য বশির হাওলাদার বলেন, কোনো সভায় প্রধান শিক্ষিকাকে বরখাস্তের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা তিনি জানেন না।