আমতলীতে শিশু ধর্ষণের শিকার
বরগুনার আমতলী উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু গত মঙ্গলবার ধর্ষণের শিকার হয়েছে। চার-পাঁচজন মিলে ওই মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে মামলা করেছেন।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বুধবার সকালে ঘটনা জানার পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুসা ও শুভ নামের দুজনকে গ্রেপ্তার করেছে। শিশুটির বর্ণনা অনুযায়ী রাসেল ও রিয়াজ নামের আরও দুজন ঘটনার সঙ্গে জড়িত। ওই দুই বখাটেকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
থানা-পুলিশ ও নির্যাতিত শিশুর পরিবার সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মুসা হাওলাদারের নেতৃত্বে তার তিন সহযোগী শুভ আকন, রাসেল তালুকদার ও রিয়াজ হাওলাদার শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির মা জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় মুসা তার সহযোগীদের নিয়ে বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে তাৎক্ষণিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে আনার পর শিশুটি তার ওপর নির্যাতনের ঘটনা বর্ণনা করে।
আমতলী থানার এসআই মো. মাসুদ জানান, বুধবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে নির্যাতিত মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মেয়েটির জবানবন্দি গ্রহণ করেন।