আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক ও দুই আরোহী নিহত হয়েছেন। আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোটরসাইকেলচালক মো. সোলায়মান (৩০), মোটরসাইকেল আরোহী উপজেলার সুধিরপুর গ্রামে মো. রাসেল (২৫) ও খলিলপুর গ্রামের সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে রাসেল ও সাইফুল কলাপাড়া থেকে আমতলী যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. সোলায়মান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমতলীর খুড়িয়ার খেয়াঘাট এলাকায় পৌঁছালে গাছবোঝাই একটি টমটমের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক ও ওই দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তবে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পর ওই দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ফলে এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের ধারণা, যাত্রীবাহী কোনো বাসের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। ওই তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।