আমতলীতে ১০ মাস ধরে এসি ল্যান্ডের পদ শূন্য
বরগুনার আমতলী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি ১০ মাস ধরে শূন্য রয়েছে। ফলে ভূমিসংক্রান্ত মামলা ও বিভিন্ন সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা।উপজেলার বগী গ্রামের কৃষক নেছার উদ্দিন বলেন, একটি ভূমিসংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য তিনি ছয় মাস ধরে ঘুরছেন। প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে তাঁকে আমতলী শহরে আসতে হচ্ছে। কিন্তু এসি ল্যান্ডের পদ শূন্য থাকায় তাঁর মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জানুয়ারি তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) শিরিন শবনম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তখন থেকেই আমতলীর সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য রয়েছে। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন আমতলীর ইউএনও। আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, আমতলী ও নবগঠিত তালতলী উপজেলার দায়িত্ব পালনসহ তাঁকে আমতলী সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। জরুরি ভিত্তিতে আমতলীতে একজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।