বরগুনার আমতলী উপজেলা পরিষদের মহিলাবিষয়ক কার্যালয়ের সামনে থেকে বিআরডিবি কার্যালয় পর্যন্ত ২০০ মিটার সড়কের ইট-সুরকি উঠে মাটি বেরিয়ে গেছে। স্থানে স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাতে বৃষ্টির পানি জমে। এতে করে এই সড়কে যাতায়াতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কিন্তু পৌরসভা ও উপজেলা পরিষদের ঠেলাঠেলির কারণে তিন বছর ধরে সড়কটির সংস্কার হচ্ছে না।
এই সড়ক দিয়ে মহিলাবিষয়ক, সমাজসেবা, মৎস্য, বিআরডিবি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কৃষি, খাদ্যগুদাম, বন বিভাগের অফিস এবং তৃতীয় শ্রেণির কোয়ার্টারে যেতে হয়। প্রতিদিন সড়কটি দিয়ে নয়টি সরকারি দপ্তরে শত শত লোক যাতায়াত করেন। কিন্তু সংস্কার না করায় সড়কটির ইট-সুরকি উঠে মাটি বেরিয়ে গেছে। ৩-৪ মিটার পরপরই খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই এগুলোতে পানি জমে যায়। বৃষ্টির পানি আর মাটি মিলে পুরো সড়ক কাদায় ভরে যায়।
উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়কটি উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে। এটির সংস্কারের দায়িত্ব পৌরসভার। কারণ, উপজেলা পরিষদ পৌরসভাকে কর দেয়। পৌরসভা সড়কটি সংস্কার করতে অপারগতা প্রকাশ করলে রাজস্ব অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমরা সংস্কার করব। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের ব্যাপারে কোনো কিছু বলেনি।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুণ কুমার ভক্ত বলেন, উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে থাকা সড়ক উপজেলা পরিষদের। ওই সড়ক পৌরসভার নয়। তাই সংস্কারের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষ নেবে না। তিনি আরও বলেন, যদি উপজেলা পরিষদ কর্তৃপক্ষ সংস্কারের জন্য পৌরসভার কাছে লিখিত আবেদন করে, তাহলে তাঁরা সংস্কারের উদ্যোগ নেবেন।