আমতলীতে ৩০০ নলকূপ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৩০০ গভীর নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ফলে এলাকার বাসিন্দারা পুকুর ও অন্যান্য জলাশয়ের পানি পান করতে বাধ্য হচ্ছেন। এতে তাঁরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমতলীর ১০টি ইউনিয়ন ও পৌর এলাকায় তিন হাজার ৭৭৬টি নলকূপ রয়েছে। উপজেলার হলদিয়া, গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, চাওড়া, আমতলী সদর, আড়পাংগাশিয়া, পচাকোড়ালিয়া, বড়বগি ও কড়ইবাড়ীয়াসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩০০ নলকূপ নষ্ট হয়ে পড়ে আছে। এর মধ্যে ১৫৮টি নলকূপ মেরামতযোগ্য নয়। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের দাবি, নষ্ট নলকূপের সংখ্যা আরও বেশি । বিশুদ্ধ পানির অভাবে এসব এলাকার বাসিন্দারা পুকুর, নদী-নালার পানি পান ও ব্যবহার করে পেটের পীড়া ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন। চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের শিক্ষক আবদুল জব্বার বলেন, আমাদের এলাকার বেশ কয়েকটি গভীর নলকূপ অনেক দিন ধরে অকেজো থাকায় এলাকায় পানি সংকট প্রকট হয়ে উঠেছে। এলাকাবাসী চাওড়া নদীর পানি ব্যবহার করে চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় বেসরকারি সংস্থা এনএসএসের পরিচালক শাহাবুদ্দিন বলেন, জনসংখ্যা অনুপাতে এমনিতেই আমতলীতে নলকূপের সংখ্যা কম। তার ওপর বেশির ভাগ এলাকার নলকূপগুলো অনেক দিন আগে স্থাপন করায় ঠিকমতো পানি উঠছে না এবং এগুলো জীর্ণ হয়ে যাওয়ায় প্রায়ই নষ্ট থাকে। এ ছাড়া প্রায় ২০০ নলকূপ আছে যা মেরামতযোগ্য নয়। এই অবস্থায় বিশুদ্ধ পানির সংকট ক্রমেই বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা বলেন, দূষিত পানি পান করায় আমতলীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ডায়রিয়া, জন্ডিস, আমাশয় ও পেটের পীড়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুকনো মৌসুমে পানি-সংকট থাকলে এসব রোগের ব্যাপক বিস্তার ঘটতে পারে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, আমতলীর বিভিন্ন ইউনিয়নে ১৫৮টি গভীর নলকূপ সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।