আমতলীতে ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ
বরগুনার আমতলী উপজেলায় ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেওয়ায় এবং ভবনের পিলার ক্ষয়ে রড বের হয়ে যাওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে, গাছতলায় কিংবা ভিন্ন কোনো স্থানে পাঠদান করা হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১০১টি সরকারি, ১০১টি রেজিস্টার্ড ও ১৩টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের মধ্যে ২০টি রেজিস্টার্ড ও ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিদ্যালয়ের ভবনগুলো ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। পাঁচ কক্ষের এসব ভবন নির্মাণে চার লাখ ২০ হাজার টাকা করে ব্যয় হয়।ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধ্য টেপুরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনের পিলার ক্ষয়ে রড বের হয়ে গেছে। ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। মেঝেতে ফাটল সৃষ্টি হয়েছে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলম মল্লিক বলেন, ‘যেকোনো সময় বিদ্যালয়ের ভবন ভেঙে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে পাঠদান করছি। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে অন্যত্র পাঠদান চালাতে। উপায় না পেয়ে এই ব্যবস্থা। আকাশে মেঘ দেখলে বা বৃষ্টি নামলেই স্কুল ছুটি দিয়ে দিই।’ একই অবস্থা উপজেলার হরিদ্রাবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। চাওরাপাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাদ ও মেঝেতে ফাটল সৃষ্টি হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। পশ্চিম ঘটখালী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। মেঝেতে ফাটলের সৃষ্টি হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার বলেন, ‘আমরা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্ব অনুসারে কয়েকটি বিদ্যালয়ের জন্য ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তবে এই মুহূর্তে পুরোনো ভবনগুলো ভেঙে নতুন ভবন করা দরকার।’এলজিইডির আমতলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ১৯৯৪ সালে ওই ভবনগুলো নির্মাণের পর আর মেরামত করা হয়নি। এ কারণে ভবনগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নতুন ভবন তৈরির সুপারিশসহ বিদ্যালয়গুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।