আমতলীতে ৯৯ বছরের জন্য সেচখাল ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের একটি সেচখাল বন্দোবস্ত নিয়ে ভরাট করায় এলাকার ৪০০ একর জমির সেচ ও পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। সোতা খাল নামে পরিচিত খালটি ২০০৬ সালে ভূমিহীনের ভুয়া পরিচয় দিয়ে স্থায়ী বন্দোবস্ত নেন হাবিব হাওলাদার নামের একজন ব্যক্তি।খোঁজ নিয়ে জানা যায়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ২০০৬ সালে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের হাবিব হাওলাদার ও তাঁর স্ত্রী সাহারা ভানু নিজেদের ভূমিহীন পরিচয় দিয়ে আঠারোগাছিয়া মৌজায় এক একর খাসজমি ৯৯ বছরের জন্য স্থায়ী বন্দোবস্ত নেন। কিন্তু তাঁদের যে জমি বন্দোবস্ত দেওয়া হয়, তা ছিল এলাকার একটি প্রাকৃতিক সেচখাল। বন্দোবস্ত পেয়ে হাবিব হাওলাদার ওই বছর প্রায় এক কিলোমিটার খালের বেশির ভাগ এলাকা ভরাট করে গাছ লাগিয়ে দেন। যদিও দলিলে বর্ণিত শর্তের ছয় নম্বর ক্রমিকে বলা হয়েছে, সহকারী কমিশনারের লিখিত অনুমতি ছাড়া জমিসংলগ্ন কোনো খাল বা নালা ভরাট অথবা বাধা সৃষ্টি বা গতি পরিবর্তন করা যাবে না।এলাকার ভুক্তভোগী কৃষকেরা জানান, নিজেকে ভূমিহীন পরিচয় দিলেও হাবিব হাওলাদারের নিজের নামে দুই একর ২৩ শতক জমি রয়েছে। এ বিষয়ে হাবিব হাওলাদার বলেন, ‘আমি ভূমিহীন নয়, এটা ঠিক। বিভিন্ন পন্থায় ভূমি অফিসকে ম্যানেজ করে আমি এই জমি বন্দোবস্ত পেয়েছি। দয়া করে আপনারা এ নিয়ে লিখবেন না।’ কৃষকেরা জানান, সোতা খাল এলাকার বন্দোবস্ত বাতিল করে এর স্বাভাবিক পানির প্রবাহ মুক্ত করার জন্য ২০১০ সালে এলাকার কয়েক শ কৃষক জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু দুই বছর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় কৃষক লালু তালুকদার বলেন, ‘খালডা খোলা থাহার সময় মোরা জমিতে ইরি, বোরো ও অনেক রবি ফসল পলাইতে পারতাম। কিন্তু প্রায় ছয় বছর ধইরা এইসব ফসল তো দূরের কতা, আমন ধানও ফলাইতে পারি না।’ কৃষক আবদুল জলিল জানান, খালটি ভরাট করায় বর্ষার সময় পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর শুকনা মৌসুমে সেচ দেওয়ার মতো কোনো পানি থাকে না। তাই ছয়-সাত বছর ধরে কোনো ফসল হয় না।স্থানীয় ইউপির সদস্য আবদুল মান্নান জানান, হাবিব হাওলাদার প্রকৃতপক্ষে ভূমিহীন নয়। এর পরও কীভাবে একটি জনগুরুত্বপূর্ণ খাল বন্দোবস্ত দেওয়া হলো তাঁকে, তা তাঁরা জানেন না। এলাকাবাসীর সুবিধার্থে এ বন্দোবস্ত বাতিল করে আবার এটি খনন করার দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার মো. মশিউর রহমান জানান, ভূমিহীন না হলে কেউ খাসজমি বন্দোবস্ত পেতে পারে না। এমনটা হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।উপজেলার বড়বগী (তালতলী) ও পাশের কড়ইবাড়িয়া ইউনিয়নের ১৪টি প্রাকৃতিক খালকে কৃষিজমি দেখিয়ে একইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। প্রবাহমান এসব খালের শ্রেণী পরিবর্তন করে স্থানীয় ভূমি কর্মকর্তারা তা বন্দোবস্ত দেন বলে অভিযোগ রয়েছে। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা সেসব খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় এসব এলাকার প্রায় ৪০ হাজার একর জমির সেচব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে এসব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে ২০১০ সালের ডিসেম্বরে প্রথম আলোয় সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।