আমতলীতে ‘ডাকাত সর্দার’ মিলন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার শারিকখালী গ্রাম থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে মিলন গাজী (৩৮) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার বলে পুলিশ জানিয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শারিকখালী গ্রামের নাসির মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মিলন গাজীকে আটক করা হয়। মিলন গাজীর নামে আমতলী ও বরগুনা থানায় ডাকাতি, অপহরণসহ ১২টি মামলা রয়েছে। তিনি পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। মিলন গাজীকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।