আমতলীর অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। যেগুলোতে আছে সেগুলোর অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। এসব বিদ্যালয়ে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থাও নেই।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২০২টি সরকারিসহ ২১৮টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৫০টিতে শৌচাগার নেই। ১১৪টিতে একেবারে অকেজো। বাকি ৫৪টি বিদ্যালয়ে শৌচাগার থাকলেও তা স্বাস্থ্যসম্মত নয়।উপজেলা শহরের একে উচ্চবিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শৌচাগারই নেই। ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, তিন বছর ধরে বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।উপজেলা শহরের বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের অবস্থাও ভালো নয়। শিক্ষার্থীরা জানায়, প্রাকৃতিক কাজ তারা বাড়িতেই সেরে আসে। আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির পাহলান জানান, অধিকাংশ বিদ্যালয়েই স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন।টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম মল্লিক জানান, গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও ভয়াবহ। বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন বা মেরামতের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা বলেন, এমনিতেই শিশুদের রোগপ্রতিরোধক্ষমতা কম। অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করলে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পেটের পীড়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার জানান, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। বিষয়টি তিনি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানাবেন।