আমতলীর উপকূলে ধরা পড়ছে প্রচুর ইলিশ
বরগুনার আমতলী উপজেলার উপকূলীয় এলাকার জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে ফকিরহাট বাজারের ম ৎস্য আড়তগুলো বৃহস্পতিবার থেকে জমজমাট হয়ে উঠেছে। ইলিশ ধরা পড়ায় সব দুশ্চিন্তা দূর হয়ে জেলেদের মুখে ফের হাসি ফুটেছে।উপজেলার তালতলী থানার ফকিরহাট বাজারের আড়তদার টুকু বিশ্বাস জানান, বৃহস্পতিবার থেকে ফকিরহাট বাজারে প্রতিদিন ৭০-৮০ মণ ইলিশ নিয়ে আসছেন স্থানীয় জেলেরা। সাড়ে সাত শ থেকে আট শ গ্রাম ওজনের ইলিশ পাইকারি প্রতি মণ বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়। তিনি আরও জানান, পুরো মৌসুমে ইলিশের আকাল থাকায় তুলনামূলকভাবে দর বেশি চলছে।কয়েকজন জেলে জানান, কয়েক দিন আগেও এখানে বড় আকারের ইলিশ পাওয়া যেত না। জাটকা ধরা পড়ত। তা-ও পরিমাণে অনেক কম। চার নৌকায় সব মিলিয়ে মাত্র চার-পাঁচ কেজি জাটকা ধরা পড়ত।তালতলী ম ৎস্যজীবী সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, উপকূলের কাছাকাছি অগভীর সাগরে ছোট-বড় প্রায় ৫০০ নৌকা ও ট্রলার মাছ ধরায় নিয়োজিত। মৌসুমের শেষ পর্যায়ে ইলিশ পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারসহ বরিশাল ও পটুয়াখালীতে তালতলী থেকে ইলিশ পাঠানো হচ্ছে।