আমতলীর চাওড়া খালে ১০০ অবৈধ স্থাপনা

বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায় চাওড়া খাল অবৈধভাবে দখল করে দুই পাড়ে কমপক্ষে ১০০টি আধাপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে৷
এতে খালটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে৷ পাশাপাশি অবৈধ স্থাপনায় বসবাসকারীরা ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে খালের পানি দূষিত করে ফেলছে৷
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, চাওড়া খালটি আমতলী সদর, চাওড়া ও হলদিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত৷ তিন ইউনিয়নের ২৬টি গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষের কৃষিজ পণ্য পরিবহন, গৃহস্থািল কাজ ও চাষাবাদ সরাসরি এই খালের ওপর নির্ভরশীল৷ ১৯৯০ সালে খালের তালুকদার হাট এলাকায় সেতু নির্মাণের পর এলাকাটি ঘিরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে৷ এই সুযোগে খালের দুই পাড় দখলের হিড়িক পড়ে যায়৷ আধা কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রাতারাতি খাল দখল করে সেখানে আধাপাকা বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন৷ ঘর তোলার জন্য খালের মাঝ বরাবর বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে সেখানে মাটি ও ইটের টুকরো ফেলে খাল ভরাট করেন৷
সরেজমিন দেখা যায়, খাল দখল করে প্রায় ১০০ স্থাপনা নির্মাণ করা হয়েছে৷ ওই সব স্থাপনা থেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে৷ খোলা পায়খানার মাধ্যমে মলমূত্র পড়ছে খালে৷
দুই পাড় ভরাট করায় প্রবহমান খালের গতিপথ প্রায় বন্ধের পথে৷ স্রোত বাধাগ্রস্ত হওয়ায় পলি পড়ে খালের নাব্যতা হ্রাস পাওয়ায় নৌচলাচল বাধাগ্রস্ত হচ্ছে৷ এভাবে দখল-প্রক্রিয়া অব্যাহত থাকলে অচিরেই নৌচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বলেন, তালুকদার বাজারটি দক্ষিণাঞ্চলের অন্যতম ধান ও কৃষিপণ্যের বাজার৷ এই এলাকায় উৎপাদিত ধান, তরমুজ, বাদাম ও আলুসহ অন্যান্য পণ্য এ খাল দিয়ে বাজারে আনেন কৃষকেরা৷ এ ছাড়া খালের ওপর আমতলী সদর, হলদিয়া ও চাওড়া তিন ইউনিয়নের ২৬টি গ্রামের প্রায় ৫০ হাজার একর জমির চাষাবাদ ও সেচ নির্ভর করে৷ এলাকার প্রায় ৪৫ হাজার বাসিন্দা এই খালের পানি গৃহস্থালির কাজে ব্যবহার করে৷
যোগাযোগ করা হলে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্র চন্দ্র ওঁড়াও জানান, খাল দখল করে যাঁরা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, সরেজমিন তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷