আমতলীর জেলেদের সুমতি
বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের জেলেরা পায়রা নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রেখেছেন। ইলিশের বংশবৃদ্ধির জন্য ডিম ছাড়ার সুযোগ করে দিতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে জেলেরা যখন নিষিদ্ধ জলসীমায় অবাধে মা-ইলিশ নিধন করছেন, তখন বৈঠাকাটা গ্রামের জেলেরা মাছ ধরা বন্ধ রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা-ইলিশের ডিম ছাড়া ও ইলিশের বংশবিস্তারের জন্য সরকার সাগর মোহনা ও মেঘনা-তেঁতুলিয়ার চারটি পয়েন্টের আওতায় সাত হাজার কিলোমিটার জলসীমানায় ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। আমতলী উপজেলার পায়রা নদীতে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা না থাকার পরও বৈঠাকাটার জেলেরা স্বেচ্ছায় এ ১০ দিন মাছ না ধরার সিদ্ধান্ত নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, পায়রা নদীর আমতলী পৌর এলাকা থেকে গুলিশাখালী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে কোনো নদীতে কোনো জাল পাতা হচ্ছে না। বৈঠাকাটা জেলেপল্লির ইউসুফ আলী ও রাজু মিয়া বলেন, ‘আশ্বিন মাসের এই সময়ে নদীর উজানে আইয়া ইলিশ ডিম ছাড়ে। এহন যে ইলিশগুলা জালে বাজে (ধরা পড়ে) হেইগুলার হগলডায় (সবগুলোতে) ডিম। এইগুলা মারলে সিজনে ইলিশ পামু কই।’জেলে নজরুল জানান, ‘ডিমওয়ালা মাছ ও জাটকা ধরার কুফল আমরা হাতেনাতে পাইছি। গত বছর সারা মৌসুমেও খুব একটা মাছ পাই নাই। তাই এইবার মাছ ধরা বন্ধ।’ মাছ ব্যবসায়ী নান্নু মিয়া বলেন, ‘মোরা নিজেরা শুধু জালপাতা বন্ধই করি নাই, কেউ যাতে জাল ফালাইতে না পারে, সেদিকেও খেয়াল রাখতাছি।’জেলেপল্লির ইলিশের পাইকারি বিক্রেতা নিজাম খলিফা বলেন, ‘কয়েক বছরের অভিজ্ঞতা স্থানীয় জেলেদের সচেতন করেছে। এক মাস ধরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় জেলেপল্লিতে অভাবটাও এই মুহূর্তে ততটা নেই।’উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বীর আহমেদ বলেন, ‘পায়রা নদীর উজানে এসেও ইলিশ মাছ ডিম ছাড়ে। বৈঠাকাটা গ্রামের জেলেদের এ নদীতে মাছ না ধরার এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সব জেলের মধ্যে এ সচেতনতা সৃষ্টি হলে পায়রা নদীতে ইলিশের অভাব থাকবে না।’