আমতলীর তিনটি ইউনিয়নে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার তালতলী থানার অধীনে নবগঠিত সাতটি ইউনিয়নের চারটিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও মামলা-সংক্রান্ত জটিলতায় বাকি তিনটি ইউনিয়নে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে ওই তিনটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তালতলী থানার নবগঠিত কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২১ জানুয়ারি। উচ্চ আদালতে মামলা থাকায় অপর তিন ইউনিয়ন শারিকখালী, পচাকোড়ালিয়া ও ছোটবগীর নির্বাচন করা যাচ্ছে না। জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তালতলী থানাকে উপজেলায় উন্নীত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১০ সালের ৬ এপ্রিল বড়বগী, পচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া—এই তিনটি ইউনিয়নকে পুনর্বিন্যাস করে বড়বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা, পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া ও শারিকখালী নামে সাতটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়। নির্বাচন কমিশন নবগঠিত সাতটি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নের হারুন সিকদার ও শারিকখালী ইউনিয়নের সিরাজ উদ্দীন বাদী হয়ে চলতি বছরের ১৪ জুন সরকারের এই প্রজ্ঞাপনকে অবৈধ উল্লেখ করে উচ্চ আদালতে পৃথক দুটি রিট দায়ের করেন। রিট দায়েরের পর আদালত একটি রুল জারি করেন। এতে নবগঠিত সাতটি ইউনিয়নের নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে নির্বাচন কমিশন। রিট আবেদনকারীদের অভিযোগ, পচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া এই দুটি ইউনিয়ন পুনর্গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালায় বর্ণিত আয়তন ও জনসংখ্যার শর্ত পূরণ করা হয়নি। জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, শারিকখালী, ছোটবগী ও পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভক্তি নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় সেখানে নির্বাচন করা যাচ্ছে না।