আমতলীর নবগঠিত চার ইউপির নির্বাচন আজ
বরগুনার আমতলী উপজেলার নবগঠিত সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার। আদালতে মামলা থাকায় শারিকখালী, পচাকোরালিয়া ও ছোটবগীর নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার তালতলী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১০ সালের ৬ এপ্রিল একটি নির্দেশনা দেয়। সেই অনুযায়ী জেলা প্রশাসন উপজেলার বড়বগী, পচাকোরালিয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়নকে পুনর্বিন্যাস করে বড়বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা, পচাকোরালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া ও শারিকখালী নামের সাতটি ইউনিয়নে পুনর্গঠন করে।জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, চারটি ইউপির নির্বাচনে ২২ জন চেয়ারম্যান প্রার্থী, ১৫১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নগুলোয় মোট ভোটারসংখ্যা ৩২ হাজার ৫৯৭ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ জানান, চারটি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রই যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে ঝুঁকিপূর্ণ। তবে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।